শাহরাস্তি উপজেলা যুবদল নেতা তানভীর দল থেকে বহিষ্কার
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক আতাহার আহম্মেদ তানভীরকে দলের প্রাথমিক পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (১৩ মে) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত যুবদল নেতা আতাহার আহম্মেদ তানভীর শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন।
বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আতাহার আহম্মেদ তানভীরকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।
নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, আতাহার আহম্মেদ তানভীর ৮ এপ্রিল ২০২৩ নরসিংদী শহরে পুলিশ পরিচয়ে পিস্তল ঠেকিয়ে ১৬ লক্ষ টাকা ছিনতাইকালে ৩ জন ছাত্রলীগ নেতাসহ নরসিংদী থানায় আটক হন এবং তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রজ্জু হয়। যা তখন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচারিত হয়।
গত ৫ আগষ্টের পরবর্তী সময়ে আতাহার আহম্মেদ তানভীর ও তার সহযোগিরা চিতোষী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়ার কাছ থেকে ১০০ টাকা মূল্যের ৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে পদত্যাগে বাধ্য করান এবং শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় ২৪ সালের ১৫ আগষ্ট শাহরাস্তি থানায় আতাহার আহম্মেদ তানভীরের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী হয় যার নং-১৫২২।
নেতৃবৃন্দরা জানান, তারেক রহমানের নির্দেশ কোন প্রতিষ্ঠানের কাউকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা যাবে না।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































